ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

রাজবাড়ীতে গভীর রাতে মহাসড়কে ট্রাক দিয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। পরে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু, ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই ব্যবসায়ী।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশায় মহাসড়কের পাশে একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে ভোররাত পৌনে ৪টার দিকে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এরপর ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

পরে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি চালিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেয় তারা। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।

ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন। গরু ও অন্যান্য মালামাল লুটের পর ব্যবসায়ীদের গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতেরা।

এ ঘটনায় সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

আহত ২,১১ গরু লুট,ট্রাক আটক,রাজবাড়ীতে মহাসড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত