সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। এ সময় তারা ‘চোর চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে কয়েক দফায় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
