ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি, ঈশ্বরদীতে পৌঁছাল ১৮ কোচ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তনগর ট্রেন চালুর প্রস্তুতি হিসেবে ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কোচগুলো ঈশ্বরদীতে এসে পৌঁছায়।
এর আগে সোমবার সকাল ৮টার দিকে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান শেষে কোচগুলো পাকশী রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লিউ-২) এবং ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর এসব কোচ দিয়ে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেনের উদ্বোধন ও বাণিজ্যিক চলাচল শুরু হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটিতে ১০টি যাত্রীবাহী কোচ এবং সামনে-পেছনে দুটি পাওয়ার কার ও গার্ড ব্রেক থাকবে। যাত্রীবাহী কোচের মধ্যে একটি এসি কেবিন, দুটি এসি চেয়ার এবং সাতটি নন-এসি চেয়ার কোচ রয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, কোচগুলো ঈশ্বরদীতে রাখা হবে। আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় অথবা ১৯ নভেম্বর সকালে প্রয়োজনীয় কোচ পাবনা স্টেশনে নেওয়া হতে পারে। বাকি কোচগুলো ঈশ্বরদীতে সংরক্ষিত থাকবে। কোনো কোচ ক্ষতিগ্রস্ত হলে সংরক্ষিত কোচ যুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হবে।
গত ১৭ অক্টোবর ভোরে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন করা হয়। পরে গত ৮ নভেম্বর কোচগুলো নিয়ে পরীক্ষামূলক ট্রায়াল রান করা হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় বিশেষজ্ঞ দলের সহযোগিতায় কোচগুলোর গতিবেগসহ বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হয়েছে। ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় কাজ শেষে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন এসব কোচ দিয়ে পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল করবে।
উল্লেখ্য, ইউরোপীয় মান অনুযায়ী তৈরি কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি, উন্নত সিবিসি কাপলিং, বেবি কেয়ার রুম, নামাজের ব্যবস্থা, সিসিটিভি ও প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে। আধুনিক আসন ও অভ্যন্তরীণ সাজসজ্জার কারণে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
