সখীপুরে ৪ সাংবাদিকের মুক্তি দাবি, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২১:০৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক।

সোমবার (১৬ নভেম্বর) তিনি টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।

কারাবন্দি চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তার সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সহসভাপতি এম সাইফুল ইসলাম সাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রজতসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ, মো. বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ও মো. সজিব হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন খায়রুল আলম রফিক। তিনি গ্রেপ্তার সাংবাদিকদের আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

পরে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তি এবং তাদের আইনি সহায়তা নিশ্চিত করতে পরবর্তী কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।

এর আগে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় গ্রেপ্তার চার সাংবাদিকের বিষয়ে সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানকে প্রত্যাহারের দাবিও জানান সংগঠনের নেতারা।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ দাবিতে টাঙ্গাইলের সাংবাদিকদের পাশাপাশি সারা দেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলে সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করবে।

তারা বলেন, সাংবাদিকদের ঐক্যই শক্তি। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।