ঈশ্বরগঞ্জে মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ, পলাতক ছেলে ও পুত্রবধূ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরের শিকার হয়ে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত মিনারা বেগম ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই আলআমিন ও মেয়ে শাহানারা বেগম (চায়না) তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহানারা বেগম (চায়না) জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে মাকে মারধর করে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

একপর্যায়ে মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মামাকে জানানো হয়। পরে তিনি এসে তাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যান।

স্বজনেরা জানান, সোমবার রাত ১২টার দিকে মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ছোট ভাই আল আমিন ও মেয়ে শাহানারা বেগম (চায়না) তাকে আবারও হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।