খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টি বোর্ড নিয়ে বিরোধ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
খুলনা প্রতিনিধি

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নানা ধরনের ষড়যন্ত্র ও দখলের রাজনীতির শিকার হয়ে চরম সংকটের মুখে পড়েছে খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা এবং আইনি নির্দেশনা অমান্য করার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এতে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী গভীর অনিশ্চয়তা ও হুমকির মুখে পড়েছেন।
পটভূমি ও ট্রাস্টি বোর্ডের গঠন
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ১৮ নভেম্বর খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। প্রতিষ্ঠার সময় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ দলটির শীর্ষ নেতাদের স্ত্রী ও ঘনিষ্ঠজনরা ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হন। পাশাপাশি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গসহ মোট ১৭ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।
ক্ষমতার পালাবদল ও নতুন ষড়যন্ত্র
পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তালুকদার আব্দুল খালেক, এস এম কামালসহ আওয়ামী লীগ ঘরানার একাধিক সদস্য আত্মগোপনে চলে যান। এ সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি সমর্থিত অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে এক অদৃশ্য ইশারায় প্রচলিত আইন ও নিয়মের তোয়াক্কা না করে মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হক ট্রাস্টি বোর্ডের সদস্যপদ দখল করে নেন।
২০২৫ সালের ২১ মে অনুষ্ঠিত এক সভায় সিরাজুল হক চৌধুরীকে অবৈধভাবে সরিয়ে দিয়ে মিজানুর রহমান নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন এবং হাফিজুর রহমানকে সদস্য-সচিব করা হয়। এরপর এক অদৃশ্য শক্তির জোরে তারা বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের একক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠাতা সদস্যদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ
মিজানুর রহমানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের তিন প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য তার রোষানলে পড়েন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে পবিত্র কুমার সরকারকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়। অন্য প্রতিবাদী সদস্যদের বিরুদ্ধেও বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে মামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এমনকি দখলদারত্বের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম এখনো ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে এবং তাঁদের নামে নোটিশ জারি করা হলেও ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্যকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বোর্ডের নোটিশেও তাঁদের নাম দেখা যায় না। অথচ তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা বা দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি করা হয়েছে।
আইনি প্রক্রিয়া ও ইউজিসির বক্তব্য
মিজানুর রহমান ও হাফিজুর রহমানের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৫ সালের ৩ মার্চ খুলনার সিনিয়র সহকারী জ্যেষ্ঠ বিচারিক আদালতে (দেওয়ানি-৩৫/২০২৫) মামলা করেন ট্রাস্টি পবিত্র কুমার সরকার। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ১৩ জানুয়ারি বিজ্ঞ বিচারক মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হককে ট্রাস্টি সদস্য পদে অন্তর্ভুক্তি অবৈধ বলে ঘোষণা করেন।
পাশাপাশি বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) লিখিতভাবে জানানো হলে, ইউজিসি ২০২৫ সালের ১২ নভেম্বর এক আদেশে জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং ২০১৩ সালের ২৪ ডিসেম্বর জয়েন্ট স্টক কোম্পানিজে নিবন্ধিত ১৭ সদস্যবিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ আইন অনুযায়ী বৈধ।
ইউজিসির আদেশে আরও বলা হয়, ৬৬তম বোর্ড সভায় কোরাম পূর্ণ না হওয়ায় ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা আইনসম্মত হয়নি। এ ছাড়া ৬৮তম ও ৬৯তম বোর্ড সভায় কোরাম পূরণ না হওয়ায় মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান ও মো. আজিজুল হককে ট্রাস্টি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করাও আইনসম্মত হয়নি।
আদালতের রায় এবং ইউজিসির স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও অভিযুক্তরা বহাল তবিয়তে থেকে নানা উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।
অবিলম্বে অবৈধ দখলদারত্ব ও ষড়যন্ত্র বন্ধ করে আদালতের রায় বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।
