সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত মুহাম্মদ শাহ আলম দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। তিনি ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. রজ্জব আলী বাদী হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত সোমবার (৯ নভেম্বর) সকালে মেয়েটি বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম (৪০) তার হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। পরে বিদ্যালয়ের পুরোনো একটি ভবনে নিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে মেয়েটি বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন। তবে ছেড়ে দেওয়ার সময় বিষয়টি কাউকে না জানাতে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা। তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ছাত্রীর সঙ্গে কথা বলেন। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেও ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলমের সঙ্গে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য পাঁয়তারা করা হচ্ছে।
শিশুটির বাবা রজ্জব আলী বলেন, তার মেয়ের সঙ্গে যে ব্যক্তি এমন খারাপ কাজ করেছেন, তিনি ওই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার জানান, বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
