চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ভগিরথপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হক শান্তি (৪৫), বিষ্ণুপুর গ্রামের আশরাফুলের ছেলে ইমন আলী (২০), আলোদিয়া গ্রামের সাইদুর হোসেনের ছেলে ফাহিম রহমান আরাফাত (২০) এবং কলাবাড়ি গ্রামের জয়নালের ছেলে রাসেল ওরফে অলিফ (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।