নেশার টাকার জন্য মাকে হত্যা, সিরাজগঞ্জে ছেলেসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার পর বস্তাবন্দি করে রেখেছিল মাদকাসক্ত ছেলে। নিহত মতিফুল বেগম (৪৫) ওই গ্রামের ছারোয়ার হোসেনের স্ত্রী। এ হত্যাকাণ্ডে মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই গ্রামের ছারোয়ার হোসেনের ছেলে আশরাফ আলী (২০), ময়ান প্রামাণিকের ছেলে তার সহযোগী আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল (২৬)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার রাতে মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়ায় জড়ায়। একপর্যায়ে সে তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে মায়ের গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তার মা চিৎকার করার চেষ্টা করলে তাকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ বস্তাবন্দি করে ঘরের ভেতরে রেখে দেওয়া হয়।

পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ওইদিন গভীর রাতে এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।