গোপালগঞ্জে এবার এমপির ক্লিনিক ও ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেম এম বাবরের ক্লিনিকে হামলা-ভাঙচুর চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। 

এদিকে, কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য ডা. কেম এম বাবরের ক্লিনিকের সামনে জড়ো হন। এক পর্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা। পরে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিযে দেয়।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। 

এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।