চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া, অংশ নিল বিভিন্ন সংস্থা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৯ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে এ মহড়া সফলভাবে সম্পন্ন হয়।

মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন)। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশক্রমে ISPS Monitoring Cell-এর সার্বিক তত্ত্বাবধানে এ মহড়ার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে International Ship and Port Facility Security (ISPS) Code একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড। জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে এ কোড প্রণয়ন করা হয়েছে।

পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই অংশ হিসেবে মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর-১, স্তর-২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা ও আহতদের উদ্ধার, সংঘবদ্ধ ব্যক্তিদের জোরপূর্বক গেট দিয়ে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্তকরণ ও সিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টার মতো পরিস্থিতি তুলে ধরা হয়।

মহড়ার শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার এবং চারজন অনুপ্রবেশকারীর কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন ও প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও কমান্ডো দল এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কন্টেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।

এ ছাড়া অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিম সমন্বিতভাবে কাজ করে। সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয়করণে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এসব কার্যক্রম মহড়াকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করে তোলে।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ও কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয়। পুনরায় নিরাপত্তা স্তর-২ ও স্তর-১ কার্যকর করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি প্রদর্শন করা হয়।

এ মহড়ার মাধ্যমে প্রতীয়মান হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক ISPS Code-এর নির্দেশনা অনুসরণ করে বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর।