রংপুরে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার নিয়ে সেমিনার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে অর্থনৈতিক শুমারি, ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিসংখ্যান পরিকল্পনার পূর্বশর্ত। একটি দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনায় সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। একটি পরিসংখ্যান বিভিন্ন গবেষণার কাজেও ব্যবহৃত হয়।

অর্থনৈতিক পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক ও অঞ্চলভিত্তিক উন্নয়নের চিত্র অর্থনৈতিক পরিসংখ্যানের মাধ্যমে পাওয়া যায়। এজন্য অর্থনৈতিক পরিসংখ্যানসহ যেকোনো বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরিতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন পরিসংখ্যানের কৌশলগত ও পদ্ধতিগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ের পরিচালক এইচ. এম. ফিরোজ।

এ সময় অর্থনৈতিক শুমারি, ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রাজিব ঘোষ।

সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, বেসরকারি সংগঠন ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।