ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ১

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আদালত থেকে বের হওয়ার পর এক ব্যবসায়ীকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় অপহরণকারীরা ওই ব্যবসায়ীর মোবাইল ফোন ব্যবহার করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় মামলা গ্রহণে সদর (সুধারাম) থানা পুলিশের গড়িমসির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মামলা গ্রহণের পরও অন্য আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলীপুরে নিজের অফিসকক্ষে ভুক্তভোগী পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী বেলায়েত হোসেন শিপন এসব অভিযোগ করেন।

শিপন জানান, একটি মামলার কাজ শেষে গত ১৫ নভেম্বর দুপুরে নোয়াখালী আদালত থেকে বের হওয়ার পরপরই আদালতের গেট থেকে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে অস্ত্রের মুখে আটক করে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।

পরে তার মোবাইল ফোন থেকে স্ত্রীর কাছে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিপনকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী ও ছেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় মামলা করতে গেলে সদর (সুধারাম) থানা পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে। পরে একপর্যায়ে পুলিশ সুপারের নির্দেশে মামলা গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।