টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আপাতত গোপালগঞ্জে যাবে না
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আপাতত গোপালগঞ্জের গোবরা স্টেশন পর্যন্ত যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে।
