আ. লীগের লকডাউন ঘিরে কাউখালীতে সতর্কতা, গ্রেপ্তার ১
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও ফেরিঘাট এলাকায় নজরদারি করছেন।
বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু, আমরাজুড়ী ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পক্ষের এমন তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান এলাকার মো. জহির উদ্দিন। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
কাউখালী থানা পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানিমূলক প্রচারণা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে নাশকতা প্রতিরোধ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে কাউখালী উপজেলা আঞ্চলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। উপজেলার পূর্বে ঝালকাঠির রাজাপুর, দক্ষিণে পিরোজপুরের ভান্ডারিয়া, পশ্চিমে পিরোজপুর সদর এবং উত্তরে নেছারাবাদ উপজেলা অবস্থিত।
বেনাপোল-খুলনা-বরিশাল মহাসড়কটি বেকুটিয়া সেতু হয়ে কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা অতিক্রম করে ঝালকাঠির রাজাপুরের সঙ্গে সংযুক্ত হয়েছে। অন্যদিকে ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি হয়ে কাউখালী ও আমরাজুড়ী অতিক্রম করে সড়কটি নেছারাবাদ উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে। এ যোগাযোগপথের মাধ্যমে বরিশাল-ঢাকা মহাসড়কের সঙ্গেও সংক্ষিপ্ত সংযোগ স্থাপিত হয়েছে।
ফলে কাউখালীর ওপর দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল করে। পাশাপাশি বেকুটিয়া সেতু ও আমরাজুড়ী ফেরিঘাটের গুরুত্বও অনেক। এ কারণে এসব সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে স্বেচ্ছাসেবীদের পাহারা, পুলিশের টহল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত ও স্বাভাবিক রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং লকডাউন কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
