হবিগঞ্জে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) টহল দলের অভিযানে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র সরকারকে (৪১) আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়।

আটক সুবল চন্দ্র সরকার সিলেট জেলা সদরের মেদেনী মহল এলাকার মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। টহল দলটি বাল্লা আইসিপি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায়, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট নামক স্থানের নদীর পাড় দিয়ে কয়েকজন লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

খবর পেয়ে টহল দলটি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে সুবল চন্দ্র সরকারকে হাতেনাতে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল চন্দ্র সরকার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। জানা যায়, তিনি নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নম্বর ৭৩৩/২৫-এর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও পৃথক দুটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, একাধিক মামলার কারণে গ্রেপ্তার এড়াতে তিনি পরিকল্পিতভাবে গোপনে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করেন।

আটক সুবল চন্দ্র সরকার তার পলাতক তিন সহযোগীর পরিচয় জানিয়েছেন। তারা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৪৬), টেকেরঘাট চৌমুহনী গ্রামের মো. বাশার মিয়ার ছেলে মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে পরিমল সরকার (৩৬)।

বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে এবং একইভাবে ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে দিন-রাত অবিরাম টহল চলছে এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। হবিগঞ্জ জেলার সীমান্ত দিয়ে কোনোভাবেই কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবি তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ পথে সীমান্ত পারাপার থেকে বিরত থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে বা কোনো অপরিচিত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।