
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর এই দুটি স্থাপনায় আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্যের বাসভবনের সামনে অনেক লোকজন জড়ো হন। পরে তারা প্রথমে দলীয় কার্যালয়ে এবং এরপর সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া একই এলাকার আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে বুধবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে একটি ব্যানার লাগান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে বিব্রত করতেই দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশের মতো সিরাজগঞ্জেও মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। জনগণ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বলেও তিনি উল্লেখ করেন।