বীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে আঘাত, চেইন ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জনচলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে ইতালি প্রবাসী জয়নাল আবেদীন, তার স্ত্রী সুমা আক্তার ও তার ভাই রমজান আলীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দানেশ ও জহুরুল ইসলাম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রবাসীর স্ত্রী সুমা আক্তার।
ঘটনাটি ঘটেছে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহর লালপাড়া গ্রামে।
এলাকাবাসী জানান, এলাকার নওজেস আলীর ছেলে ইতালি প্রবাসী জয়নাল আবেদীনের সঙ্গে একই এলাকার আফতাব আলীর ছেলে দানেশ আলী ও জহুরুল ইসলামের জনচলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে ইতালি থেকে প্রবাসী জয়নাল নিজ বাড়িতে ফিরলে অভিযুক্ত দানেশ আলী, জহুরুল ইসলাম, আনোয়ারা, ভগীর আলী, আনজুয়ারা ও শিউলি বেগমের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী সুমা আক্তারের মাথা ও চোখে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী জয়নাল আবেদীন অভিযোগ করে জানান, অবৈধভাবে রাস্তা দখল করে ড্রেন নির্মাণের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এ বিষয়ে তার স্ত্রী সুমা আক্তার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুন ২০২৬ তারিখে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে সার্ভেয়ার রাস্তা মাপতে যান। এ সময় দানেশ গংদের রাস্তার পাশে থাকা মূল্যবান গাছপালা ও বাড়িঘর পড়ার আশঙ্কায় তারা ক্ষিপ্ত হন। এর জের ধরে জয়নাল আবেদীন ইতালি থেকে নিজ বাড়িতে প্রবেশ করার সময় তাকে ও তার স্ত্রী সুমা আক্তারকে অতর্কিত হামলা করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান, ভুট্টাসহ কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম এই কাঁচা রাস্তাটি। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হয়। কিন্তু রাস্তাটির দুটি অংশ কেটে ড্রেন স্থাপন করে স্থানীয় দানেশ, জহুরুল ইসলাম গং ও তাদের পরিবারের লোকজন ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এর প্রতিবাদ করায় তারা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন জয়নাল আবেদীন।
