নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেছেন, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। কোনো রোহিঙ্গাকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে ফেরত পাঠানো উচিত হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে খলিলুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে হাজারো রোহিঙ্গা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। তার বক্তব্য ও আশার বাণী শোনার জন্য সকাল থেকেই মাঠে অপেক্ষা করছিলেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।
খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ যে গণহত্যা ছিল, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে তা স্পষ্ট হয়েছে। আদালত প্রমাণের ভিত্তিতে জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ব্যাপকসংখ্যক রোহিঙ্গাকে হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে আদালত প্রমাণ পেয়েছে।
তিনি বলেন, আদালতের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির স্বীকৃতি। তবে এই রায় নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।
খলিলুর রহমান বলেন, আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মিয়ানমারকে এই রায় বাস্তবায়ন করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশটির আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করতে হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা বিকল্প ব্যবস্থা করতে হবে। বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করা, আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। চলাচলের স্বাধীনতা, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। রোহিঙ্গাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত।
ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায়গত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। শুধু অর্থ দিয়ে মানুষের জীবন ও স্বজন হারানোর ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও আশার অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর চিকিৎসা, আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব শুধু বাংলাদেশ সরকার ও জনগণের ওপর ছেড়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।
খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর অতীতের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং তাদের ওপর বেসামরিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান।
তিনি বলেন, রোহিঙ্গারা যে বিস্মৃত হয়নি, আন্তর্জাতিক বিচার আদালতের রায় তারই প্রমাণ। রোহিঙ্গাদের, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথা তিনি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখার আশাও প্রকাশ করেন তিনি।
এদিকে, সমাবেশে Rohingya Committee for Peace and Repatriation (RCPR)-এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, ‘আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। আমাদের দেশ আরাকান। আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। আমরা ভাসমান নই, আমাদের দেশ আমরা চাই। আমাদের দেশ ও অধিকার আমরা ফিরিয়ে নেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগিতার জন্য আল্লাহ আছেন, বাংলাদেশ সরকার আছে, ওআইসি আছে। সবার সহযোগিতায় আমরা নিজেদের অধিকার নিয়ে জন্মভূমিতে ফিরে যেতে পারব।’
এ সময় উপস্থিত হাজারো রোহিঙ্গা হাত উঁচিয়ে অধিকার ও মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
