ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, ঈশ্বরদীতে রেলমন্ত্রী

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

‘আমরা সবাই দেশপ্রেম ও দেশের উন্নয়নের প্রশ্নে এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করা যাবে না।’—এমন মন্তব্য করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধন শেষে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্টেশনের প্ল্যাটফর্মে নির্মিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করা যাবে না। বরং দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঈশ্বরদীর দীর্ঘদিনের দাবি ওভারপাস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ওভারপাস নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেসের ঈশ্বরদীতে স্টপেজ রয়েছে। ফলে এখানকার মানুষ এখন সহজেই ঈশ্বরদী থেকে ঢাকায় যাতায়াত করতে পারবেন। জনগণের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন রেলসংযোগ চালু করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা বিএনপির আহ্বায়ক সন্টু সর্দার, যুগ্ম আহ্বায়ক ও সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্যসচিব ইমরুল কায়েস সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেকমত উল্লাহ কনক মণ্ডল, সাঁড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি তৌহিদুজ্জামান, যুবদল নেতা আতারুল ইসলাম ভোলা ও আজহারুল ইসলাম এবং জেলা জামায়াতের আমির প্রভাষক নজরুল ইসলাম ও নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে ঈশ্বরদীসহ পাবনাবাসীর রেল যোগাযোগে যুক্ত হলো নতুন সম্ভাবনা।

ঈশ্বরদী জংশন রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উদ্বোধনী ট্রেনের জন্য ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ১০২টি সুলভ চেয়ার টিকিট বরাদ্দ ছিল। এর মধ্যে বিক্রি হয়েছে ৭১টি। অবিক্রীত রয়েছে ৩১টি টিকিট। উদ্বোধনী পাবনা-ঈশ্বরদী-ঢাকা ট্রেনে যাত্রীদের জন্য শুধু সুলভ চেয়ারের টিকিট বিক্রি করা হয়েছে। এসি কেবিন ও এসি চেয়ারের আসন অতিথিদের জন্য বরাদ্দ ছিল।

ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ট্রেন দুটি। ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।

ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ের নির্ধারিত ভাড়া অনুযায়ী, পাবনা থেকে প্রভাতী এক্সপ্রেসে ঈশ্বরদী যেতে শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ১১৫ টাকা। একই ট্রেনে ঢাকা বিমানবন্দর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা।

অন্যদিকে, গোধূলি এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর থেকে পাবনা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত ভাড়া যথাক্রমে ৩৯০ ও ৭৪২ টাকা। এসব ভাড়ার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যুক্ত হবে।

গত ১২ নভেম্বর ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

সন্ধ্যায় ঈশ্বরদী জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছালে এবং ঈশ্বরদীতে যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।

নতুন এই ট্রেন চালু হওয়ায় ঈশ্বরদী, পাবনা ও আশপাশের এলাকার মানুষের রাজধানীতে যাতায়াত সহজ হবে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের সময় ও ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে পাবনার রেল যোগাযোগে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।