ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের চরাঞ্চলে লাভের আশায় ভুট্টার চাষে ঝুঁকছেন কৃষক

সিরাজগঞ্জের চরাঞ্চলে লাভের আশায় ভুট্টার চাষে ঝুঁকছেন কৃষক

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে পুরোদমে শুরু হয়েছে ভুট্টার চাষাবাদ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষকেরা। ইতোমধ্যে আগাম জাতের প্রায় ৭ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এ চাষাবাদ শুরু হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে প্রতিবছরই ভুট্টার চাষ বাড়ছে। আমন ধান কাটার পরও অনেক কৃষক জমিতে ভুট্টার চাষ করবেন।

গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে থেকে তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টার চাষ শুরু করেছেন কৃষকেরা। এসব জমিতে এম ৯০০, এনকে ৪০, পাইনিয়া ও আগাম জাতের ভুট্টা চাষ করা হচ্ছে। তবে যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার চরাঞ্চলে এ চাষাবাদ বেশি হচ্ছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভুট্টা রোপণ কার্যক্রম শেষ হবে।

স্থানীয় কৃষকেরা জানান, ধানের তুলনায় ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি। এ কারণে তারা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা জমি বর্গা ও লিজ নিয়ে এ চাষাবাদ করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমিতে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে। চরাঞ্চলে প্রতিবছরের মতো এবারও ভুট্টার চাষ বেশি হচ্ছে।

ইতোমধ্যে জমিতে ভুট্টার চারা গজিয়ে উঠেছে। শুরু হয়েছে পরিচর্যাও। ভুট্টার দানা ছাড়াও এর পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এ চাষে খরচ কম হওয়ায় ধানের তুলনায় বেশি লাভ পাওয়া যায় বলে কৃষকেরা জানান। এ কারণে এবারও তারা ভুট্টা চাষে ঝুঁকেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে জানান, ভুট্টা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে চরাঞ্চলেই আগাম জাতের ভুট্টার চাষ বেশি হয়ে থাকে। ইতোমধ্যে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এ চাষাবাদ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

ঝুঁকছেন কৃষক,ভুট্টার চাষ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত