সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ
সিলেট ব্যুরো

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, গেটে পলিথিনজাতীয় কিছু একটা কেরোসিন দিয়ে ছুড়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পলিথিন পুড়ে যাওয়ার পর এর ছাই নিচে পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানায়, কাপড়জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এ বাসায় অবস্থান করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ বিএনপির নেতৃবৃন্দ।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।
