
জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আরও একটি বছর পূর্ণ করতে যাচ্ছে প্রাণের সংগঠন ‘জ্ঞানের উৎস পাঠাগার’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী আন্দোলন ও মানবিক সেবামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এরই অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষামূলক, সমাজসচেতনতামূলক ও মাদকবিরোধী নানা অঙ্গীকারসংবলিত দেয়াল লিখন সম্পন্ন করেছে পাঠাগার কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মাদকবিরোধী দেয়াল লিখন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বই পড়ি, জ্ঞান অর্জন করি, আলোকিত মানুষ গড়ি’, ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’, ‘এসো মাদকমুক্ত সমাজ গড়ি’, ‘মানবতার সেবায় এগিয়ে আসি’—এমন নানা সচেতনতামূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সামাজিক পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পাঠাগারের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েছে বর্ণাঢ্য আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও অতিথি বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেরা পাঠক সম্মাননা প্রদান, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, বই বিনিময় উৎসব এবং দেয়াল লিখন প্রদর্শনী। পাশাপাশি বিনামূল্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মাদকবিরোধী র্যালি ও শপথ গ্রহণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং পুরস্কার বিতরণের আয়োজন রাখা হয়েছে।
আয়োজকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে মানুষের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী মনোভাব ও সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে চান তারা। বিশেষ করে দেয়াল লিখনের মাধ্যমে পাঠাগারের চিন্তা, আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জ্ঞানের উৎস পাঠাগারের প্রতিষ্ঠাতা, সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য সচিব আল রুমান হাসান বলেন, “পাথারিয়া থেকে লক্ষ্য আলোকিত বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, একটি বই একজন মানুষের চিন্তা বদলে দিতে পারে, আর একজন সচেতন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ। আমাদের লক্ষ্য শুধু পাঠাগার পরিচালনা নয়; বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং মানবিক ও সেবামূলক কাজে মানুষকে সম্পৃক্ত করা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় কাজ করাও আমাদের অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল ও সার্থক করতে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে যখন তরুণ প্রজন্মের একটি অংশ নানা সামাজিক অবক্ষয় ও মাদকের ঝুঁকিতে রয়েছে, তখন একটি পাঠাগারের পক্ষ থেকে বই পড়ার আন্দোলনের পাশাপাশি সমাজসেবামূলক ও সচেতনতামূলক এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে।
জ্ঞানের উৎস পাঠাগারের প্রত্যাশা—বই হোক মানুষের নিত্যসঙ্গী, শিক্ষা হোক পরিবর্তনের হাতিয়ার, মাদকমুক্ত সমাজ হোক সবার অঙ্গীকার এবং মানবসেবা হোক জীবনের অন্যতম ব্রত। ছোট ছোট উদ্যোগের সম্মিলিত শক্তিতেই গড়ে উঠুক একটি শিক্ষিত, সচেতন, মানবিক ও আলোকিত বাংলাদেশ।