
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম।
জিডি সূত্রে জানা যায়, রাসেল রানা উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আকসেদ আলীর ছেলে। গত ১০ নভেম্বর জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ডা. মাওলানা মহির উদ্দিনের সঙ্গে করতকান্দি ও দোহারি গ্রামের ছাত্রশিবিরের কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে রামনগর তিন রাস্তার মোড়ে পৌঁছালে পরমানন্দপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে মামুন সরদার (৩৫) এবং দুধবাড়িয়া রায়পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম মোটরসাইকেলে তার পিছু নেন। একপর্যায়ে তারা রাসেল রানার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
পরে আশপাশের বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৮ নভেম্বর রাসেল রানা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।