সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ’লীগ কর্মী নিহত, তদন্ত শুরু
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় দুর্বৃত্তরা আশরাফ আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।
সকালে পুলিশ ওই হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিশেষ তদন্ত শুরু করা হয়েছে।
