ঠাকুরগাঁওয়ে আরডিআরএসের আঞ্চলিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৫০ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

‘উন্নয়নের লক্ষ্যে, সমৃদ্ধির পথে—একসাথে’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের ঋণ কর্মসূচির কর্মকর্তা ও কর্মীদের নিয়ে দিনব্যাপী আঞ্চলিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক গুলজার হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচির উপপরিচালক এস এম ফারুক-আল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সমন্বয়কারী বিদ্যুৎ কর্মকার প্রামাণিক ও ঊর্ধ্বতন প্রশিক্ষক অমল কুমার টিক্কুসহ অনেকে।
সম্মেলনে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে ঋণ কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপটে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, সেগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় ও কৌশল নির্ধারণ এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষকে ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশে আরডিআরএস (রংপুর-দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিস) প্রতিষ্ঠা করে।
বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ধীরে ধীরে আরডিআরএসের কাজের পরিধি বিস্তৃত হতে থাকে। ১৯৯৭ সালে আরডিআরএস (রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস) দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে নতুন যাত্রা শুরু করে। বর্তমানে আরডিআরএস বাংলাদেশ দেশের ৩৩টি জেলায় ৭ লাখ উপকারভোগী পরিবারের সঙ্গে সরাসরি কাজ করছে।
