দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে একাধিক পেট্রোল বোমা হামলা, তদন্তে পুলিশ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এদিকে স্থানীয়দের ধারণা, দেশব্যাপী নাশকতার আশঙ্কার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
