কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় পাঁচ মাসের দানে মিলেছে ৫১ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো দানবাক্সগুলোতে পাওয়া গেছে স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা।

এর আগে, চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর মসজিদের দানবাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিন শেষে গণনা করে এর পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া দানবাক্সে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং বিদেশি মুদ্রা।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

পরে ৫১টি বস্তায় ভরে এসব টাকা মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনা ও নিরাপত্তার জন্য সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকার সব ধর্মের মানুষ নিয়মিত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তের সমাগম ঘটে। ওই পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।