ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা ঘোষণা করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা ঘোষণা করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।

শনিবার শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশের মানুষ তার নেতৃত্বে আস্থা রেখেছেন। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ এরই অংশ।

তিনি বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর ছানিতে আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিভিল সার্জন ডা. নুরুল আমীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

এ সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রথম ছানিমুক্ত জেলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত