নোয়াখালীতে স্কাইরক্স বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৯৪০ শিক্ষার্থী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত নোয়াখালী-২ আসনে শিক্ষার মানোন্নয়ন ও মেধার বিকাশে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কাইরক্স মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মইজদীপুর, কাবিলপুর ও আইডিয়াল একাডেমিসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশন ও হাজি ইয়াকুব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এবং স্কাইরক্স বৃত্তি পরীক্ষা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. আবু নাছের টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন, সেনবাগ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্কাইরক্স বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ কামাল হোসেন, অধ্যক্ষ নাজমুল উজ্জামান, ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন ও সিরাজুল ইসলামসহ অনেকে।
পরীক্ষা শেষে আয়োজকরা জানান, ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণি থেকে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
