নোয়াখালীতে হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদের রজতজয়ন্তী উদযাপন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর সাবেক সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহবুব নুর ও ইয়াসিনুল হক শরীফ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা অ্যাডভোকেট মোছলেহ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি এহসানুল করিম সোহেল এবং হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর প্রধান পৃষ্ঠপোষক মনিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ।
দিনব্যাপী আয়োজনে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি খেলাধুলা, নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ২৫ বছরের পথচলা উদযাপন করেন বর্তমান ও সাবেক সদস্য এবং অতিথিরা।
সংগঠনটির দীর্ঘ পথচলায় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
