
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তম সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান ফকির সভাপতিত্ব করেন। সহসভাপতি মো. শহিদুল হক এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন।
সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. রেজাউল করিম, ঋণ কমিটির সভাপতি এস এম এ রহমান এবং শিক্ষা কমিটির সভাপতি মো. জিন্নাত খন্দকার।
এ সময় সমিতির সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও মন্তব্য তুলে ধরেন। পরে কর্তৃপক্ষ তাদের মতামতের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সোহরাফ মোল্লা, জেলা কালব ব্যবস্থাপক আব্দুল আউয়াল, জেলা সমবায় পরিদর্শক মো. সামাদ হোসেন, পর্যবেক্ষণ কমিটির সম্পাদক শাহ আলম মিন্টু, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. হাসেম ফকির, মো. মনির হোসেন, ডি এম মফিজুল ইসলাম ও মো. রোমান বেপারী।
এ ছাড়া ঋণ কমিটির সম্পাদক এনামুল হক সরদার, সদস্য মো. সালাম মুন্সী, সাংবাদিকসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।