রেলওয়ে-ব্যক্তিমালিকানা দ্বন্দ্বে আটকে সোনাহাট সেতুর সংযোগ সড়ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুর পাশে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে রেলওয়ে ও ব্যক্তিমালিকানার দ্বন্দ্বে দীর্ঘ সাত বছরেও শুরু হয়নি সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা।
সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুর দক্ষিণ পাশে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়।
১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে চার দফা সময় বাড়ানো এবং প্রকল্প ব্যয় ৭ কোটি টাকা বৃদ্ধি করেও সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি।
সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই ট্রাকের ভারে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৬ একর জমি স্থানীয়রা নিজেদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলওয়ের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। এ বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে জমির কাগজপত্র ও নথি পর্যালোচনায় জানা যায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে জমির পরিমাণ ১৪১ দশমিক ২৬ শতক। এছাড়া ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে জমির পরিমাণ ৪২৯ দশমিক ৯৭ শতক। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার রয়েছেন। বর্তমানে প্রায় ৬ একর এই জমির মালিকানা দাবি করছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে।
জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যরা জানান, এই জমি তাদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড তাদের নামে রয়েছে। অথচ রেলওয়ে জমিটি নিজেদের বলে দাবি করছে। জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তারা কোথায় গিয়ে উঠবেন, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। তাদের ভাষ্য, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই।
এ বিষয়ে সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, সেতুর ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, ইতিমধ্যে সোনাহাট সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে তারা কাজ করছেন।
