রংপুরে আ.লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২, ককটেল-পেট্রলবোমা উদ্ধার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর বিভাগের তিন জেলায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা এবং ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন দিনাজপুরের পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলা।
এ ছাড়া গাইবান্ধার সাদুল্লাহপুরের ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে বাহিনীটির বোম্ব ডিসপোজাল দল।
শনিবার বিকেলে এসআরবি-১৩-এর দেওয়া পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডে হাসিনা মঞ্জিল নামের পাঁচতলা ভবনের এ-৫ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় দিনাজপুরের পার্বতীপুর থানার নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোছা. মানতাশা আরফিন মেঘলা (৩৪) গ্রেপ্তার হন। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে অবস্থান নিয়েছিলেন বাদী মুন্নি সরকার ও তাঁর ছেলে। এ সময় সেখানে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে বাদী ও তাঁর ছেলে আহত হন। পরে একই দিন দুপুর দেড়টার দিকে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং মালামাল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলা করা হয়।
অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রুমন প্রধানকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। শুক্রবার বিকেল ৫টার দিকে পীরগঞ্জ থানার বড়দরগা এলাকার ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রুমন পীরগঞ্জ উপজেলার মিঠিপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, রুমন পেশায় ভ্যানচালক। স্থানীয় একটি চুল কারখানায় কর্মরত এক নারীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ২৩ অক্টোবর ওই নারীকে পীরগঞ্জের রায়তী সাদুল্যাপুর গ্রামে নিজের নানা ধলু মিয়ার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ অক্টোবর পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন রুমন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ৩০ অক্টোবর ভুক্তভোগী নারী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে, শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩। বাহিনীটির সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটাসংলগ্ন নির্মাণাধীন ভবনের ভেতর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে। পরে বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাহপুর থানায় জমা দেয়।
এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, উদ্ধার করা বিস্ফোরকগুলোও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
