প্রধানমন্ত্রীর সহকর্মী পরিচয়ে ‘ফ্যামিলি কার্ড’ ও ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  ​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

​পিরোজপুরের কাউখালীতে নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর এবং গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ২২ শে নভেম্বর  রবিবার রাত ৯ টায় প্রতারক  চক্রের সংবাদ পেয়ে চক্রটির ৩ সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

​উপজেলার আসপরদী গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে চক্রটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীরা কাউখালী থানায় ভিড় জমান।  

​ভুক্তভোগীরা জানান, প্রতারক চক্রের মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চাকরি করেন বলে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান। এ ছাড়া চক্রটি প্রায় দুই মাস আগে অল্প মূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল। এরপরই বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি। তবে মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

​ঘটনার পর কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে প্রতারক চক্রের ৩ সহযোগীকে আটক করে কাউখালী থানায় সোপর্দ করা হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক নারী থানায় এসে তাদের অভিযোগ জানান এবং অনেকে কান্নায় ভেঙে পড়েন। প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে দিনমজুরের সংখ্যাই বেশি; এ ছাড়া স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে। উপস্থিত ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়, থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন।

​উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, "এই চক্রকে ধাওয়া করে ধরা হয়েছে, তবে মূল হোতা পালিয়েছে। দ্রুত মূল হোতাকে আইনের আওতায় আনার দাবি জানাই।"

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ বলেন, "সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমেই ৭ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। রিপন এখন গ্রাহকদের কী বলবেন বা কীভাবে টাকা ফেরত দেবেন, তা জানা যায়নি।"

​শত শত মানুষের থানায় ভিড় করার খবর পেয়ে

প্রতারণার অভিযোগের ব্যাপারে  জানতে কাউখালী থানায় উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।  

​কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কিছু ভুক্তভোগীর কথা শুনেছি। বিএনপি নেতৃবৃন্দ তিনজনকে থানায় সোপর্দ করেছেন। প্রতারণার অভিযোগে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।