সিরাজগঞ্জ সদরের ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন নুসরাত জাহান

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:০২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নুসরাত জাহান। রোববার বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি।

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে নুসরাত জাহান সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এর আগে নুসরাত জাহান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি প্রশংসা অর্জন করেন।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ইউএনও মামুন খানকে বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি এ উপজেলায় দায়িত্ব পালনকালে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।