পাথরের শিল দিয়ে স্বামীকে আঘাতের ৬ দিনে মৃত্যু, স্ত্রী কারাগারে
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০:২৮ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন মো. হাসান আল মামুন (৩২)। এ ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনের মৃত্যুর পর হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বুধবার ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে তার স্ত্রী মমতা বেগম পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর তার মৃত্যু হয়।
এদিকে, গত ২১ নভেম্বর শনিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা স্বীকার করেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তার দাবি, বিয়ের পর থেকেই মামুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিতেন। এমনকি তাদের শিশুসন্তানদের হত্যার হুমকিও দিতেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
নিহত মো. হাসান আল মামুন শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে গত ২০ নভেম্বর শুক্রবার মমতা বেগমকে আসামি করে মাধবপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামুনের মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
