জাতীয় গ্রিডের চাপ কমাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০:৪৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকরুর বাসভবনে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। দেশের মানুষকে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমাতে এবং দেশে বিদ্যুতের চাহিদার ভারসাম্য বজায় রাখতে জ্বালানির সক্ষমতা বাড়ানোর জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে মন্ত্রী সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লায় তার নিজ বাসভবনে এ সোলার প্যানেল স্থাপন করেছেন।
সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব চাহিদা পূরণ নয়। এর মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এ ব্যবস্থা পরিবেশবান্ধব। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও চাপ কমানোর পাশাপাশি দেশে বিদ্যুতের সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও মন্ত্রীর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য মন্ত্রীর বাসভবনে এ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করবে।
তিনি বলেন, দেশের প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হলে বিদ্যুতের ওপর চাপ কমবে। সেই সঙ্গে দেশে জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।
