কারখানার ছাই ও দুর্গন্ধে অতিষ্ঠ গোয়ালন্দের কয়েক গ্রামের মানুষ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেডের স্পিরিট তৈরির কারখানার বর্জ্যে ভূগর্ভস্থ পানিদূষণ ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। কারখানাটির আশপাশের কয়েকটি গ্রামের টিউবওয়েলে উঠছে কালচে ও দুর্গন্ধযুক্ত পানি। এতে কয়েকশ পরিবার সুপেয় পানির সংকটে পড়েছে। দূষিত পানি ব্যবহারে নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার অভিযোগও করছেন স্থানীয়রা।

পাশাপাশি কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাইয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবনযাপন। কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়া এবং জমি কেনার ক্ষেত্রে প্রতারণার অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হ্যালিপ্যাড এলাকায় অবস্থিত সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড দীর্ঘদিন ধরে স্পিরিট তৈরি করে আসছে। স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি মদ তৈরির কারখানা হিসেবে পরিচিত।

কারখানাটির আশপাশের সোনাউল্লাহ ফকিরপাড়া, কিয়ামদ্দিন মোল্লাপাড়া, গফুর মোল্লাপাড়া ও হ্যালিপ্যাড এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে দৈনন্দিন কাজ পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমানে এসব এলাকার অনেক টিউবওয়েল থেকে পানি তুললে কালচে রঙের পানি বের হচ্ছে।

পানিতে রয়েছে তীব্র দুর্গন্ধ। এমন পানি পান করা তো দূরের কথা, রান্না, গোসলসহ দৈনন্দিন কাজেও ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। সুপেয় পানির জন্য অনেককে দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। তবে প্রয়োজনের তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ওই পানি ব্যবহার করছেন।

এ সময় কথা হয় স্থানীয় বাসিন্দা মো. শুকুর আলী মন্ডল, মো. লাল্টু মন্ডল, বাবর আলী ও মো. আলিমের সঙ্গে। তাঁরা অভিযোগ করে বলেন, কারখানার বর্জ্যের কারণে এলাকার টিউবওয়েলের পানিতে কালচে রং ও দুর্গন্ধ দেখা দিয়েছে। কারখানার বর্জ্য ভূগর্ভস্থ পানিতে মিশে দূষণ ছড়াচ্ছে। শুধু পানিই নয়, কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাই উড়ে আশপাশের পরিবেশও দূষিত করছে।

তারা বলেন, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডা-কাশি, পেটের নানা অসুখসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও দূষণের প্রকৃত কারণ নির্ণয় ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

পার্শ্ববর্তী বাসিন্দা শ্যামেলা বেগম (৫৮) বলেন, কারখানা থেকে বাতাসে উড়ে আসা কালো ছাই ও দুর্গন্ধ তাঁদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ছাইয়ের কারণে ধোয়া কাপড় বাইরে শুকাতে দেওয়া যায় না। কাপড় শুকানোর পর তাতে কালো ছাই জমে আবার ময়লা হয়ে যায়। এতে প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

কারখানার পাশে রেলওয়ের জায়গায় বসবাসকারী মো. শুকুর আলী ফকির অভিযোগ করে বলেন, তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে জমি কেনা হয়েছে। চাকরি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এখন রেলওয়ের জায়গায় বসতি থাকায় তাঁর বাড়িও উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় কৃষক মো. মোশাররফ হোসেন বলেন, কারখানার আশপাশের মাঠে ফসল উৎপাদন আগের তুলনায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন ফলন কমে যাচ্ছে। কারখানাটি জনবসতি থেকে দূরে কোনো ফাঁকা চর এলাকায় সরিয়ে নেওয়া হলে এলাকার মানুষ পরিবেশ ও দূষণজনিত দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

স্থানীয় বাসিন্দা আবু বক্কারের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করুক এবং দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক। নিরাপদ পানি ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় গোয়ালন্দ উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর অনেক উপরে। মাত্র ২০ থেকে ২৫ ফুট মাটির নিচেই সুপেয় পানি পাওয়া যায়। ফলে খুব সহজেই পানিদূষণের ঝুঁকি তৈরি হতে পারে। অনেক সময় টয়লেটের সেফটি ট্যাংকের কারণেও পানিদূষণের ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে সেফটি ট্যাংক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে টিউবওয়েল স্থাপনের পরামর্শ দেওয়া হয়। কারখানার বর্জ্যের কারণে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে জানান তিনি।

একই বিষয়ে রাজবাড়ীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, শিল্পকারখানার বর্জ্য ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। দৌলতদিয়া ইউনিয়নে সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে কৃষি বিভাগের করণীয় থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। এমনকি কারখানার ভেতরে ছবি ধারণের অনুমতিও দেওয়া হয়নি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থাকলে এবং ওই কারখানার বর্জ্যের কারণে পরিবেশ বা ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, কারখানার রাসায়নিক পদার্থের কারণে পানি দূষিত হলে তা মানবদেহের কিডনি ও লিভারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন দূষিত পানি ব্যবহারে ক্যানসারসহ গুরুতর রোগের ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় পানি পরীক্ষার কোনো ল্যাব নেই। পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করতে হবে। পরীক্ষার মাধ্যমে পানিতে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, তা শনাক্ত করার পরই পানি ব্যবহারের উপযোগিতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।