রংপুর বিভাগের ৮ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ১৮৪
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর রেঞ্জের আট জেলায় কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর রেঞ্জের মিডিয়া সেল সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
মিডিয়া সেল জানায়, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।
রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকর্মী, ৬ পিস ইয়াবাসহ মাদক মামলার দুই আসামি এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে কাউনিয়া থানার মামলা নম্বর-০৮ (১১) ২৬ খ্রিঃ ও মামলা নম্বর-১৪ (১১) ২৬ খ্রিঃ-এর তদন্তে প্রাপ্ত দুইজন এবং মাদক মামলায় ৬ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া অভিযানকালে মোট ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ কেজি গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
