পিরোজপুরে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসব শুরু হয়েছে। আগামী ২৯ নভেম্বর রোববার পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ভারত ও নেপালসহ বিভিন্ন স্থান থেকেও ভক্তদের সমাগম ঘটছে।

বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও মো. রফিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীগুরু সঙ্ঘের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, নির্বাহী সহসভাপতি শংকর দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী ভক্ত স্বর্ণকার এবং কেন্দ্রীয় কমিটির কর্মীপ্রধান শ্রী রতন লাল কর প্রমুখ। আশ্রম কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা, ভক্ত ও পুণ্যার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে আশ্রমসংলগ্ন মাঠে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবপত্রের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও সমাগম ঘটছে।

আশ্রম কর্তৃপক্ষ জানায়, আগামী ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (২৫ নভেম্বর ২০২৬) থেকে ১২ অগ্রহায়ণ (২৯ নভেম্বর ২০২৬) পর্যন্ত পাঁচ দিনব্যাপী মূল অনুষ্ঠান চলবে। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।

উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসবি ও ডিবি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে এবং পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় এনে পর্যবেক্ষণ করা হচ্ছে।