দুর্গাপুরে কৃষকদের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৫১ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুর্গাপুর থানার সাধারণ ডায়েরি ও আদালতে পাঠানো সংশ্লিষ্ট নথিতে এ তথ্য উঠে এসেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমানের করা অভিযোগে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামান, মো. উসমান গনি ও রিপন কর্মকারসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি অর্থ উত্তোলন, চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০২৬ সালের জুন মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা অর্থ নিয়ে অনিয়ম করা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে একাধিক চেক ব্যবহার এবং সুবিধাভোগীদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৫৮ লাখ ৯৬ হাজার ২৩৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও উল্লেখ করেন, ব্যাংক হিসাবের বিবরণী ও চেক পর্যালোচনা করে অর্থ উত্তোলনের অসংগতি ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ওঠে। পরে গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় দুর্গাপুর থানার সাধারণ ডায়েরি নম্বর-১৪০৩, তারিখ ২৫ নভেম্বর ২০২৬-এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
