বীরগঞ্জে আড়াই হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বীজ ও সার বিতরণকালে তিনি বলেন, বিএনপি সরকার সব সময় কৃষিবান্ধব সরকার। কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার ব্যাপক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে।
সরকারিভাবে বিনামূল্যে দেওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি ফসলের জমিতে নিয়মিত পরিচর্যা ও যত্ন নিয়ে ভালো ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। কেবল বীজ ও সার পেলেই হবে না, সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রয়োজনীয় পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এবারের মৌসুমে কৃষকদের ফসলের ফলন পর্যবেক্ষণ করা হবে। যারা সবচেয়ে ভালো ফলন অর্জন করতে পারবেন, তাদের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কৃষকদের আরও উৎসাহিত করতে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
এছাড়া ৭০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার প্রদান করা হবে।
এ সময় বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
