সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হত্যা ও মাদকসহ পৃথক তিনটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইফুল ইসলাম, এনামুল হক, সাইফুল ইসলাম, মিনহাজ, মনিরুল ইসলাম ও তুহিন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহনশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া শাহীবাড়ী গ্রামের আলমের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২৩ সালের ৮ অক্টোবর দুপুরে আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীকে জবাই করে হত্যা করা হয়েছিল। তার পরিচয় শনাক্ত করতে না পেরে এলাকার গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একই এলাকার এনামুল হক, সাইফুল ইসলাম ও মিনহাজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে একই আদালতের বিচারক এ রায় দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, ২০১৯ সালের ৩০ অক্টোবর হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম ও তুহিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে একই আদালতের বিচারক এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
