ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ হতাহত ৪
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২০:১০ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার একটি ঘাসের জমির পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তবে আহত অবস্থায় পালিয়ে যাওয়া অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌকা এলাকার একটি ঘাসের জমির পাশে বসে টমাসসহ কয়েকজন যুবক ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে টমাসের দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা আরও তিন যুবক আহত অবস্থায় পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, চৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস মারা যান। তার সঙ্গে থাকা বাকি তিনজন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, যা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, নাশকতার উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে তারা ককটেল তৈরি করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
