সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২১:৪২ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মাধবকাটি গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। এরই মধ্যে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকেন শওকত আলী। বাধ্য হয়ে নাছিমা খাতুন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেন।
এরপরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি। একপর্যায়ে শওকত আলী সাতক্ষীরা পৌরশহরের কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা খাতুন ও তাঁর সন্তানরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
একপর্যায়ে শওকত আলী তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা খাতুন স্বামী শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাঁদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।
এর এক দিন আগে, ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও তাঁর মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করেন। একপর্যায়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিমা খাতুনের মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের মা ছবিরণ খাতুন ও ভাই শফিকুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন মামলার প্রয়োজনীয় নথি পর্যালোচনা এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও তাঁর শ্যালক শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তাঁর মা ছবিরণ খাতুনকে খালাস দেন আদালত।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
