বিস্ফোরক আইনের মামলায় শার্শায় আওয়ামী লীগ নেতা আটক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন, শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; ধারা-১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ এবং ৩/৪/৬, দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোস্তাফিজুর রহমান পলাশকে ২৫ নভেম্বর রাত ৭টার দিকে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়।
আটক পলাশ শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
