ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।

সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের প্রশিক্ষণ, পশু-পাখির রোগ প্রতিরোধ, টিকাদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য—‘উৎপাদন থেকে রপ্তানি—সমৃদ্ধ প্রাণিসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ’। এ প্রতিপাদ্যের আলোকে দেশের প্রাণিসম্পদ খাতকে বিশ্ববাজারে তুলে ধরা, উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিত করা এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের নতুন অঙ্গীকার নিয়ে সপ্তাহটি উদযাপিত হচ্ছে।

আলোচনা সভায় খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রাণিসম্পদ পুরস্কারপ্রাপ্ত খামারি মো. আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর মাস্টার। এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম রাজা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের কৃষি অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু পরিবারের পুষ্টির চাহিদা পূরণই নয়, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং মানুষের আয় বৃদ্ধিতেও সহায়ক। আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, সুষম খাদ্য, নিয়মিত টিকাদান ও রোগ প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রাণিজ পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

র‍্যালি ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী মো. আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শেহাব উদ্দিন।

প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মণ্ডল ও সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঈশ্বরদীতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান ক্যাম্প, কৃমিনাশক বিতরণ এবং সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা চালানো হবে।

তৃতীয় দিন শনিবার (২৮ নভেম্বর) স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে খামারি, বিভিন্ন স্টেকহোল্ডার, ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রাণিসম্পদ দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।