সিরাজগঞ্জ কারাগারে হত্যা মামলার হাজতি আসামির মৃত্যু

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার হাজতি আসামি সুমন সরকারের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার ভয় নগর গ্রামের মৃত কাবের সরকারের ছেলে। ওই কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উল্লাপাড়ার একটি হত্যা মামলায় ওই হাজতি প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। বুধবার গভীর রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জেল সুপার বলেন, হৃদরোগজনিত জটিলতার সঙ্গে বমির উপসর্গের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সিরাজগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ৩৫২ জন হলেও বর্তমানে সেখানে দেড় হাজারের বেশি হাজতি ও কয়েদি রয়েছেন। এতে কারাগারে বন্দিদের অবস্থান নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে জেল কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।