সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ওই উপজেলার ঘোষগাতী গ্রামের সিএনজিচালক আবু মোন্নাফ (৩৬) ও একই গ্রামের চন্দন কুমার (৪২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে উল্লাপাড়া পৌর শহর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ২ জন নিহত হন এবং সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।